শুক্রবার, ২৫ জুন, ২০১০

ব্যাঙগল্প

নিশ্চিতভাবেই বলতে পারি, এটা আমাদের কবিতাযাপনের কাল।

মানে যে সময়ে আমরা কবিতা লিখতে চাই, অথবা কবিতা পড়তে চাই। কবিতা না হোক - নিদেনপক্ষে কিছু লিখতে পড়তে চাই, সেই সময়টাই কেমন যেন ঘোরালো ঘোলাটে। যেন পানিবন্দী ব্যাঙ লাফাচ্ছে সদ্য বৃষ্টিতে জমে ওঠা ক্ষুদে-ডোবায়।

ঘোলাটে থেকে ভোলাটে হচ্ছে কাদামাখা ব্যাঙের পারিপার্শ্ব।

আমরা তেমনই ব্যাঙ, আমরা তেমনই কীটস্য কীট।

ধরে নিতে পারি এই রকম ব্যাঙের জন্যে কোন রাজকন্যার চুম্বন নেই, নেই অলীক-বিবর্তনে রাজপুত্র হয়ে ওঠা। আমরা সেই প্রতারিত যুগের মানুষ। আমাদের মেটামরফোসিসও হবে না! আমাদের অনেক কিছুই কথা দিয়েছিলেন অনেকে, তাই আশার ফুলকো ফুলিয়ে ব্যাঙের মতো বসে আছি আমি সেই সব মণ্ডুকের দলে। আপনি হয়তো বুঝতে পারবেন যখন আমি বলবো যে কিছুই এখন নিত্য নেই।


ঐ যে বলছি কবিতাযাপনের কাল, সেখানে অকালের মতো জমাট বাঁধছে শ্রুতিহীনতা (আমরা কিছু শুনেও না শোনাকে এটা বলি)। এবং ইন্দ্রিয়ের আবেশে দৃষ্টিহীন দেখছি দালানের হেলে পড়া ডোবার ভেতরে। ছাইসুলভ দালান ডোবার কাদার সাথে মিশে গড়ে তুলছে কলয়েড নগর।

বাকস্বাধীনতার দরকার মানুষের নেই, সেটা অনুপার্জিতই থাকবে। বরং তার আছে চিন্তাস্বাধীনতা, এবং তার মুক্তি কেবল সেই পথে। - এই গূঢ় সত্যটা ধীরে ধীরে আমার কাছে স্বতঃসিদ্ধ মনে হচ্ছে, তাই এর প্রমাণ দিতে পারবো না। বলে হেসে ফেললাম নিরুপায় অমায়িক আমি, দার্শনিকদের খড়বিচালি চাবাই মাঝে মাঝে, জাবর কাটার মতো।

স্যরি, আমি ব্যাঙ হতে পারবো না। কারণ দেখুন, ধীরে ধীরে আমি গরু হয়ে উঠছি। জাবর কাটছি চর্বিত কবিতা, গলিত দর্শন, নাগরিকের লক্ষ্য ও সাফল্যের সূত্রটি ধীরে ধীরে আমর খড়ের সাথে চিটাগুড়ের মতো মিশিয়ে দিচ্ছে প্রভু-সামন্ত। আমার চোখ আরামে বুঁজে আসছে, ছায়াশীতল ঘুম এসে চারপেয়ে হাঁটুগুলো নরোম করে দিচ্ছে। আঃ! সুপ্ত-মনন।

রবিবার, ২০ জুন, ২০১০

বাবাদের ছবি - ছেলেমেয়েদের জন্যে! (অথবা বাবাদিবসের বাখানি)

আজকে বাবা দিবস। আমাদের সংস্কৃতিতে এই দিবসটা একেবারেই নতুন, আর নতুনের প্রতি সবারই একটা সন্দেহমূলক দৃষ্টিভঙ্গি থাকে। সেই কারণে ভাবতে গেলে মাঝে মাঝেই নেতিবাচক মনোভাবেরও দেখা পাই। ব্যক্তিগতভাবে আমি একটা মাত্র দিনে ঘটা করে বাবাকে স্মরণ করার পক্ষে নই। আমার মতে মা-বাবা যে কোন মানুষের একান্ত আপনজন, সবচেয়ে নিঃস্বার্থ তো বটেই। তাঁদের জন্যে একটা মাত্র দিনে আলাদা করে উদযাপনের কোন মানে হয় না। তাঁরা চিরন্তন, আমার পার্থিব জীবনের পেছনে সবচেয়ে বেশি অবদান তাঁদের। আমার সুখ, নিরাপত্তা আর মানবিক গুণাবলীর পেছনেও তাঁদের হাত সবচেয়ে বেশি।

হয় কি, সারাদিন পাশাপাশি থাকলে অতি আপনজনদেরও অনেক সময়ে বলা হয় না তাঁরা কতোটা গুরুত্বপূর্ণ, তাদেরকে আমরা কতোটা ভালোবাসি। সেই কথাগুলো হুট করে বলতেও একটু লজ্জা লজ্জা লাগে। মায়ের আর বাবার জন্মদিনে বাসায় ঘটা করে কেক কাটি, বাচ্চাদের মতো আনন্দ করে তাঁদেরকে একটু হলেও খুশি রাখার চেষ্টা করি। এর পাশাপাশি বাবা দিবস, মা দিবসে আরেকটা সুযোগ/উপলক্ষ্যও পাওয়া গেলো বলারঃ "বাবা, তোমার জন্যেই সব ভালোবাসা। তোমার কাছেই শিখেছি জীবনের কতো পাঠ, প্রথম নামতা, প্রথম সাইকেল চালানো।" প্রথম যেদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হলো, তুমিই বলেছিলে, "এখন তুমি বড়ো হয়ে গেছো, জীবনের সব সিদ্ধান্ত এখন থেকে তোমাকেই নিতে হবে। খালি মনে রাখবে তোমার কাজেকর্মে যেন অপরের ক্ষতি না হয়, তাহলেই তুমি 'মানুষ' হতে পারবে!"


ইদানিংখুব মুভি দেখছি। পুরনো দেখা মুভিগুলো ঘেঁটে ঘেঁটে দেখছিলাম বাবা-ছেলে অথবা বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে ভালো ছবিগুলো কি কি। আমার দেখা সেইসব মুভির একটা সংগ্রহ নিয়েই লিখবো ভাবলাম!



এই মুভিটা নির্বাক যুগের, এবং চার্লি চ্যাপলিনের পরিচালক হিসেবে অন্যতম মাস্টারপিস। অভিনেতাও মূলত দুজনে- চার্লি হলো সেই পুরনো ভবঘুরে, যার কোন চালচুলা নাই, ঘরবাড়ি নাই, টুটাফাটা পোশাক, বোওলার হ্যাট পরে আর ছড়ি হাতে সে ঘুরে বেড়ায়। এভাবে ঘুরতে ঘুরতেই তার দেখা হয়ে যায় এক অনাথ শিশুর সাথে। শিশুটি পরিত্যক্ত, বিনাবাপের ছেলেকে মা জন্মানোর পরেই ফেলে রেখে গেছে। চার্লি সেই ছেলেটিকে তুলে নেয়, তারপরে তাকে পালতে থাকে। নিজের খাওয়ার কোন খবর নাই, কিন্তু সেই নাম-পরিচয়হীন শিশুটির জন্যে সে কত কীই না করলো!
উদ্ভট ভবঘুরের মনুষ্যত্ব দেখে চোখের পানি আটকে রাখাও মুশকিল, আবার দেখা যায় তার কমিক চেহারার নানারকম মুখভঙ্গি আমাদের মুখেও এক চিলতে হাসি ফুটিয়ে তুলছে! এই ছবিটা সম্ভবত চার্লি চ্যাপলিনের আইকনিক প্যাথো-কমেডির (যে ছবির মূল সূর বিষাদাত্মক, অথচ সমাপ্তি মিলনাত্মক) একটা উজ্জ্বল নিদর্শন। দেখার পরে একই সাথে মন খারাপ হয়, আবার মন ভালোও হয়।


এই ছবিটাও অসামান্য খালি বাবা এবং ছেলের অভিনয়ের গুণে! উইল স্মিথকে আমার সবসময়েই বাণিজ্যিক ছবির হালকা চালের অভিনেতা মনে হতো, কিন্তু এই ছবি এবং সেভেন পাউন্ডস দেখার পরে আমি সেই ধারণা বদলে ফেলেছি। গুণী পরিচালক (গ্যাব্রিয়েল মুচ্চিনো) আর দুর্দান্ত চিত্রনাট্য পেলে ছবি ভালো হবেই। সেই সাথে জুড়ে গেছে বাস্তবের পিতাপুত্রের অভিনয় (উইল স্মিথ আর তার ছেলে জ্যাডেন স্মিথ)। আর এই ছবিটা একটা সত্য ঘটনার উপরে ভিত্তি করে বানানো বলে দেখার সময়েই মনে হতে থাকে কারো জীবনের কাহিনী দেখছি!
যাদের কাছে মনে হয় বিদেশের জীবন খুব সুখের আর আনন্দের, তাদেরকেও যে আমাদের মতো জীবনযুদ্ধ করতে হয়, একটা একটা করে পয়সা জোগাড় করতে হয় সেটা এই ছবিটা দেখলে বুঝা যায়!

ডেনিস ডুগানের এই ছবিটাও অনেকটা দ্য কিডের ঘরানার। পার্থক্য হলো এই মুভিটায় অভিনয় করেছেন এডাম স্যান্ডলার। আর তার মধ্যে ট্রাজেডির লেশমাত্র নাই। পুরো ছবিতে তার ছোট ছোট জোক আর পান শুনতে শুনতে হাসি আটকানো মুশকিল। তার চরিত্র (সানি) থাকে কেয়ারফ্রি ধরনের এক যুবক। ঘটনাক্রমে বন্ধুর বিনাবিয়ের ছেলে এসে তার ঘাড়ে পড়ে। সেই বন্ধু আবার তখন আরেক মেয়ের সাথে বাগদান করে ফেলেছে। সামনে বিয়ে। এরকম নাজুক অবস্থায় ছেলের পরিচয় জানলে সমূহ(!) বিপদ, তাই সানির ঘাড়েই পড়ে কিছুদিন সেই বাচ্চা ছেলেকে দেখাভালের ভার। যে মানুষ নিজেরই ঠিকমতো টেক কেয়ার করতে পারে না, সে কী ধরনের মুশকিলে পড়ে, সেটা এই ছবি দেখলে ভালো মতো বুঝা যায়। আর যারা বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর বলে মনে করেন, তাদের জন্যেও শিক্ষামূলক ( ;) ) ছবি এইটা! হা হা হা!
Father of the bride (1950) , (1991)
বাবা হিসেবে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা মনে হয় নিজের মেয়ের বিয়ে। এমনিতেই দেখা যায় মেয়েরা বাবার বেশি কাছের হয়। সব মেয়েরই কমবেশি কিশোরী বয়সের আইডল হলো তার বাবা। সেই বাবার সাথেই তার বেশি খাতির থাকে। তারপরে একদিন সেই বাবা টের পান যে তার মেয়ে বড়ো হয়ে গেছে! সে এখন একটা ছেলের প্রেমে পড়েছে। তার সাথে বিয়ে করে নতুন সংসার শুরু করতে চায়। সেই সময়ের অনুভূতি সব বাবার জন্যেই মনে হয় একরকম। হঠাৎ করে টের পান মেয়ের চোখে তিনি এখন সেকেন্ড হিরো, নতুন হিরো (নাকি ভিলেইন?) হয়ে দেখা দিয়েছে অজানা এক উড়ে এসে মেয়ের হৃদয়ে জুড়ে বসা কেউ! এই অবস্থায় বাবা'রা কী করেন?
ছবিটা দেখার সময়ে অনেক হাসিঠাট্টার মাঝেও মনে হয়েছে বাবার অনুভূতিগুলো একেবারেই আলাদা! সে না পারে সইতে, না পারে প্রকাশ করতে। ছবিটার দুইটা ভার্সন আছে। একটা '৫০ সালের (স্পেন্সার ট্রেসি-এলিজাবেথ টেইলর পিতা-কন্যার অভিনয়ে), আরেকটা '৯১ সালের (স্টিভ মার্টিন-কিম্বারলি উইলিয়ামস পিতা-কন্যার অভিনয়ে)। দুইটাই সমানভাবে উপভোগ্য, তবে আমার নিজের কাছে পুরনোটা বেশি ভালো লেগেছে। হয়তো দুইজনই দুর্দান্ত অভিনেতা বলে!


                                                                Mrs. Doubtfire (1993) 

ক্রিস কলম্বাসের অসাধারণ সব ছবির মাঝে এই ছবিটা আলাদাভাবে উল্লেখযোগ্য, অনেকগুলো কারণে। রবিন উইলিয়ামস কতোটা শক্তিশালী অভিনেতা সেটা কারণ নম্বর এক। দুই নং কারণ হলো রবিন উইলিয়ামস কতোটা বড়োমাপের অভিনেত্রী সেটা। তিন নং কারণ হলো রবিন উইলিয়ামস একইসাথে পুরুষ ও নারীচরিত্রে কতোটা পারদর্শী সেটার অনবদ্য উদাহরণ এই ছবিটা! সব মিলিয়ে দমফাটা হাসির, একই সাথে ছেলেমেয়ের জন্যে তার অনাবিল ভালোবাসার। বিদেশী সমাজের মতো এখন আমাদের সমাজেও বিবাহ বিচ্ছেদ অনেক বেড়ে যাচ্ছে। এই ছাড়াছাড়িতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানেরা। সেই সন্তানদের জন্যে বাবা'র থেকে দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে, কারণ দেখা যায় বেশিরভাগ সময়েই কাস্টডি মায়ের তরফে যায়। বাবার সাথে দেখা হয় কেবল উইক-এন্ডের দুই দিন। এই ধরনের ব্যবস্থা মানতে নারাজ ড্যানিয়েল, তাই সে কেয়ার টেকারের বেশ ধরে হাজির হয় নিজেরই বাড়িতে, ছেলেমেয়ের কাছে। দুই ধরনের জীবন হ্যান্ডেল করার ঝক্কি আর ঝঞ্ঝাট নিয়েই এই ছবিটা। এটার একটা মজার রিমেক হয়েছিলো হিন্দিতে (চাচী ৪২০)। সেটাও কমল হাসান আর টাবুর অভিনয় মিলিয়ে দেখতে খারাপ লাগে নি!


এবারে একটু সিরিয়াস ছবি। পিতৃত্বের সাথে কেবল হাসিঠাট্টা বা আত্মত্যাগই জড়িত নয়, একই সাথে দায়িত্ববোধ আর একটা নির্দিষ্ট পরিমাণের সংবেদনশীলতারও গুরুত্ব অনেক। পিতা হিসেবে, আইকন হয়ে ওঠা, বা আইডল হয়ে ওঠার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে ধরনের একাগ্রতা দরকার, সেটা সবার মাঝে থাকে না। সেটা ধীরে ধীরে চর্চা করে গড়ে তুলতে হয়।

'টু কিল এ মকিংবার্ড' সেই ধরনের গল্প নিয়েই তৈরি। একই নামের উপন্যাস থেকে ছবিটা বানানো হয়েছে, হারপার লি'এর উপন্যাসটি পুলিৎজার পুরষ্কারপ্রাপ্ত। সেটা থেকে ছবি বানানো হয়েছে '৬২ সালে। মূল চরিত্রটি বাবার, অভিনয় করেছেন গ্রেগরি পেক। ছবিটায় তিনি দুই সন্তানের পিতা, মা মারা যাওয়ার পরে যাদেরকে একাই কোলেপিঠে করে মানুষ করছেন। পেশায় আইনজীবি। শান্ত গ্রামের মতো শহরে হঠাৎ একদিন এক শ্বেতাঙ্গ মহিলা নিহত হলেন, সেই খুনের দায়ে অভিযুক্ত হলো এক কালো। সময়টা '৩০-এর দশক, আমেরিকায় তখনও কালোদের নিগ্রো বলা হতো। ছবিটার পরতে পরতে বর্ণবাদ, সামাজিক অনৈতিকতাগুলো উঠে এসেছে। তবে মজার ব্যাপার হলো এর সবকিছুই দেখা হয়েছে একটা কিশোরের চোখ দিয়ে। তার চোখে কী করে তার বাবা নায়ক হয়ে উঠলেন। সাধারণ মানুষ (এবং সাদা) হয়েও একজন কালোর হয়ে আইনি লড়াইয়ে নামলেন সেটার গল্প এই ছবিটা। নিঃসন্দেহে টিন-এজার ছেলেপুলে নিয়ে একসাথে বসে দেখা যায়!


এই অ্যানিমেশন মুভিটা দেখে প্রথম যা মনে হয়েছে, সেটা হলো মাছেরাও মানুষ! তাদেরও আছে বেঁচে থাকার, থুড়ি, বাবা হওয়ার অধিকার। ফাইন্ডিং নিমো সম্ভবত সবাই দেখে ফেলেছেন। তারপরেও যারা দেখেন নি, তারা বিরাট অপরাধী, দ্রুত দেখে ফেলেন সুযোগ পাওয়া মাত্রই। যাদের ৫ থেকে ১০ বছর বয়েসি বাবু আছে, তারা আরো দ্রুত দেখেন। বাচ্চার সাথে সাথে নিজেরও পিতৃত্বের পাঠ হয়ে যাবে!

ক্লাউন ফিশটার নাম মারলিন। তার ছেলের নাম নিমো। ছেলের ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকেন তিনি, বাস করেন অস্ট্রেলিয়ার রীফের ভেতর। ছেলেকে ভর্তি করেছেন স্কুলে, প্রথম দিন তাকে স্কুলে পাঠানোর সময় সদাচিন্তিত মারলিনকে সবারই ভালো লাগবে। কেউ কেউ নিজের ছায়াও(!) খুঁজে পেতে পারেন। তারপরে এক দুঃসহ দূর্ঘটনায় নিমো হারিয়ে গেলো। সেই খোঁজে বের হলো ছোট্ট মারলিন, আর সেই নিয়েই ছবির গল্প!


সবশেষে ক্রেমার ভার্সেস ক্রেমার। এই ছবিটা একসাথে পাঁচটা অস্কার পেয়েছে। ছবির মূল চরিত্র বাবা এবং মায়ের রোলে আছেন ডাস্টিন হফম্যান এবং মেরিল স্ট্রিপ। এখানেই সম্ভবত ছবিটা কেন দেখতে হবে সেটা বলা হয়ে গেলো। তারপরেও যদি কারো দোনমনা থাকে, তাহলে ছোট বাচ্চাটার অভিনয় দেখার জন্যে দেখতে পারেন। আমার ধারণা, বাবা মায়ের চাইতে সে অনেক বেশি ভালো অভিনয় করেছে।

এই ছবির গল্পটাও বিবাহ বিচ্ছেদের সাথে জড়িত। বাবা মায়ের ছাড়াছাড়ির পরে ছেলেটা থাকা শুরু করে বাবার সাথে। গেরস্থালির কাজে অনভিজ্ঞ বাবার চাকরি জীবনেও ভয়ানক কাজের চাপে থাকেন। ঘর আর বাহির দুইদিক সামলাতে গিয়ে তার হিমশিম খেতে হয়। সেখানে ছেলের দিকেও মনোযোগ দেয়া লাগে।
এরই মাঝে একসময় মা ফিরে আসেন। কিন্তু তাদের মাঝে মিল ঘটাতে নয়, বরং ছেলেকে নিয়ে যেতে। স্বভাবতই বাবার দাবি, এতোদিন ছেলেকে মানুষ করেছেন তিনি, সুতরাং তিনিই ছেলেকে এখন লালন করবেন। আবার মায়ের দাবিও ঠিক, ছেলে এখনও নাবালক, এবং মায়ের কাছেই সে ভালো থাকবে। এই টানাপোড়েন গড়াতে গড়াতে কোর্টতক গেলো।
অদ্ভুত রকমের মানবীয় ছবিটা। বাবা-ছেলের সম্পর্ক, মায়ের প্রতি ছেলের টান, বাবার আবেগ, মায়ের ভালোবাসা সব মিলিয়ে ঝালমুড়ি।

===

বুধবার, ৯ জুন, ২০১০

দ্য ডিভাইন পনিটেইল



...dedicated to him that, despite the enemies and the bad luck, was, is and will be always the talent person that the italian football has ever expressed.
-Antonio Cavallaro
ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনায় রোজ বো’ওল স্টেডিয়ামের কথা। সময়টা চুরানব্বুইয়ের সতেরই জুলাই, দুপুর গড়িয়ে বিকেলের রোদ তেরছা হয়ে পড়ছে মাঠের ভেতর। সাড়ে বারোটায় খেলা শুরু হয়েছে, নব্বুই মিনিটের পরে অতিরিক্ত তিরিশ মিনিটের খেলাও শেষ। বন্ধ্যা ম্যাচ, এখনতক কোন গোলের দেখা নেই, পুরো টুর্নামেন্টেই অবশ্য গোলখরা। ফাইনাল ম্যাচ হচ্ছে বিশ্বকাপের, এতোক্ষণ ধরে এই গোলহীন লড়াইয়ের শেষে দুইদলের সব খেলোয়াড়ই ক্লান্ত, বিমর্ষ কোচদের দু’জনের চেহারায় ফুটে উঠছে অনিশ্চয়তার রেখা। টাইব্রেকারের জন্যে অপেক্ষা করছে ৯৪ হাজার দর্শক, তাদের সামনে দিয়ে একে একে দুই দলের চারজন করে খেলোয়াড় প্যানাল্টি কিক করলো। স্কোর ৩-২। পাঁচ নম্বরে পিছিয়ে থাকা দলের যিনি কিক নিতে গেলেন, তার জন্যে হিসাব ছিলো গোল না করতে পারলে হার, আর গোল দিতে পারলেও অপর দল মিস না করলে বিশ্বকাপের আশা শেষ। দর্শকদের নিঃশ্বাস বন্ধ করে রাখা মুহূর্ত পেরিয়ে গেলো, দেখা গেলো সেই পঞ্চম খেলোয়াড়ের সাবলীল মাপা দৌড়, কিক নেয়ার সাথে সাথে বলটা উড়ে গেলো গোলবারের ওপর দিয়ে গ্যালারির দিকে। বিপক্ষদলের সমর্থকদের উল্লাসে রোজ বো’ওল স্টেডিয়াম ফেটে পড়লো। আর সেই আকাশ ফাটা চিৎকারের নিচে দেখা গেলো নির্বাক হয়ে উড়ে যাওয়া বলটার দিকে তাকিয়ে আছেন তিনি- রবার্তো ব্যাজ্জিও।
আদর করে তাকে ডাকা হতো Il divin codino (দ্যা ডিভাইন পনিটেইল)। কোঁকড়ানো ছোট ছোট চুলের পেছনে একটা ঝলমলে পনিটেইল। বাইশ বছরের দীর্ঘ ক্যারিয়ারের প্রায় বেশিরভাগ সময়েই এটা ছিলো তার আইকন।
প্যানাল্টি কিকের সাথে এ’রকম অম্ল-মধুর স্মৃতি ব্যাজ্জিওর পুরো ফুটবল ক্যারিয়ারে অনেকগুলো। যেমন ফাইনালের ঘটনার চার বছর আগে, ফ্লোরেন্সের মাঠে টাইব্রেকারের সময় জুভেন্টাসের জার্সি পরা ব্যাজ্জিও কিক নিতে অস্বীকৃতি জানালেন। বিপক্ষ দলটা ছিলো ফিওরেন্তিনা, যে দলের হয়ে ’৮২ থেকে ’৯০ পর্যন্ত খেলেছেন। মাত্রই সেই মৌসুমের শুরুতে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে জুভেন্টাস তাকে কিনে নিয়েছে, কিন্তু এখনও তিনি ফিওরেন্তিনাকে ভুলতে পারেন না। এই ক্লাবই তাকে এতোটা পরিচিতি দিয়েছে, এতোদিনের সেই সম্পর্ক ভুলে তিনি প্যানাল্টি কিক নিতে যান নি। বরং সাইড লাইনের পাশে পড়ে থাকা ফিওরেন্তিনার একটা বেগুনি স্কার্ফ তুলে নিয়ে চুমু খেলেন। পরে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “Deep in my heart I am always purple.” ফ্লোরেন্সের রঙ বেগুনি।
সারাজীবন ক্লাব থেকে ক্লাবে ব্যাজ্জিওকে খেলতে হয়েছে। ভিঞ্চেঞ্জা (’৮২ – ’৮৫), ফিওরেন্তিনা (’৮৫ – ’৯০), জুভেন্টাস (’৯০ –’৯৫), মিলান (’৯৫ – ’৯৭), বোলোনা (’৯৭ – ’৯৮), ইন্টার (’৯৮ – ’০০), ব্রেসিয়া (’০০ – ’০৪)। প্রায় বাইশ বছরে এতোগুলো ক্লাবের হয়ে খেলেছেন, মাঝে দুইবার তার দলবদলের ট্রান্সফার ফি সেই সময়ের সর্বোচ্চ ছিলো। এগুলো হঠাৎ শুনলেই মনে হবে হয়তো তিনি খুবই হিসেবি আর পেশাদার খেলোয়াড় ছিলেন। কিন্তু আসলে ভেতরে ভেতরে ব্যাজ্জিও বরাবরই আবেগি, বলা চলে emotional fool, এজন্যেই হয়তো আটানব্বুইয়ের বিশ্বকাপে মাঠে নামলেন সেই বিখ্যাত পনি টেইল ছাড়া।
ছোট ছোট চুল, পুরো ম্যাচেও কোচ তাকে খেলাতেন না, দেল পিয়েরোর বদলি হিসেবে নামেন শেষ দিকে। ‘বুড়ো’ হয়ে আসছেন ভেবে সবাই হয়তো একটু করুণা কি সহানুভূতি দেখায়- এমন অবস্থা। চিলির সাথে ম্যাচে যখন ইটালি ১-২ গোলে পিছিয়ে তখন বদলি হিসেবে নামলেন। আক্রমণে উঠে ডি-বক্সের কাছাকাছি জায়গায় বল কাটাতে গিয়ে তা চিলির ডিফেন্ডারের হাতে লেগে গেলো। প্যানাল্টি! আবার! চুরানব্বুইয়ের পরে এই প্রথম ব্যাজ্জিও’র সামনে আরেকটা প্যানাল্টি কিক নেয়ার সুযোগ। আমার খুব জানতে ইচ্ছা করে ঠিক সেই মুহূর্তে কী ভেবেছিলেন তিনি! টিভিতে দেখালোঃ হ্যান্ডবল হওয়ামাত্রই রেফারির বাঁশি শুনে একটু ঝুঁকে গেলেন ব্যাজ্জিও। নিজেকে আড়াল করলেন সবার থেকে, তার স্মৃতিতে চার বছর আগের কথাই ভেসে আসছিলো নিশ্চয়ই। একটু পরে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে প্যানাল্টি কিক নিতে এগিয়ে গেলেন। এবারে ভুল হলো না, তার গোলেই তখন চিলির সাথে ম্যাচে সমতা পেলো ইটালি।
ফুটবলের মাঠে হাজার হাজার সমর্থকদের চিৎকার, কোচের কথা, সতীর্থদের কথা, গেম প্ল্যান, স্ট্র্যাটেজি এই সবকিছু ছাপিয়ে আমার কাছে ব্যাজ্জিওর এই মানবিক রূপটা অদ্ভুত ভালো লাগে। মনে হয় এই লোকটা ফুটবলার হয়ে বিপদে পড়ে গেছেন নিজের বেহিসেবী আবেগ নিয়ে।
এমন না যে ব্যাজ্জিওর ক্যারিয়ারে খালি হা-হুতাশ। পাশাপাশি রাখলে এক বিশ্বকাপ ছাড়া তার পুরো ক্যারিয়ারে তেমন একটা হার নেই। নব্বুইয়ের দশকে জুভেন্টাসের স্কুদেতো জয়ের পেছনে তিনিই ছিলেন মূল শক্তি। লীগের অনেকগুলো ট্রফি জিতেছিলো সেই সময়ে জুভেন্টাস। পঁচানব্বুইয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি, একইসাথে ইউরোপিয়ান বর্ষসেরাও! বিশ্বকাপে ব্যাজ্জিও ইটালির একমাত্র খেলোয়াড় যিনি পরপর তিনটা বিশ্বকাপেই গোল করেছেন। আর চুরানব্বুইয়ের বিশ্বকাপের পুরোটাই তার অনবদ্য খেলার দৃষ্টান্ত।
অনবদ্য এই অর্থে যে তেমন একটা স্কিল দেখিয়ে খেলতেন না। এমনকি পুরো মাঠ দাপিয়েও বেড়াতেন না। যেটা করতেন সেটা হলো সুযোগের সদ্ব্যবহার। তক্কে তক্কে থাকতেন, আর যাকে বলে, ঠিক সময়ে ঠিক জায়গায় থাকতেন, দুর্দান্ত ফিনিশিং ছিলো। খুব বেশি যে কৌশলটা খাটাতেন তা হলো ডজিং। এমন অনেকগুলো গোল দেখেছি, যা কেবল গোলকিপারকে পুরোপুরি নাস্তানাবুদ করেই দিয়েছেন।
পরিসংখ্যান যদিও তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ওটা দিয়ে তেমন কিছু বুঝাও যায় না, তবু একটা মজার ফ্যাক্ট পেলাম। যে তিনটা বিশ্বকাপে ব্যাজ্জিও ইটালির হয়ে ১৬ টা ম্যাচ খেলেছেন (’৯০, ’৯৪, ’৯৮), তার প্রতিটাতেই ইটালির বিদায় হয়েছে টাইব্রেকারে। ’৯০-এ আর্জেন্টিনা, ’৯৪-এ ব্রাজিল আর ’৯৮-এ ফ্রান্স। তার মানে কোনবারেই ইটালি সরাসরি কোন ম্যাচ হেরে বাদ পড়ে নি {গ্রুপ ম্যাচগুলোর মাঝে কেবল একটা ম্যাচেই তারা হেরেছিলো (’৯৪) আয়ারল্যান্ডের সাথে}।
আসলেই ফুটবল একটা নিষ্ঠুর খেলা!

রবিবার, ৬ জুন, ২০১০

নটে গাছ না মুড়োলে...


খাতার পৃষ্ঠা খুলে আমি অনেককিছু লিখতে চাইতাম, কিন্তু পারতাম না। মাঝে মাঝে শব্দহীনতায় কামড় দিতো। আমি প্রায় ছয় বছর কিছুই লিখি নি, কারণ আমার ভেতরে কোন শব্দ জেগে উঠতো না। আমি শব্দহীন হয়ে গিয়েছিলাম। আমি কথা বলতাম, ভাবনাচিন্তাও করতাম, কিন্তু সেগুলো ফুটিয়ে তুলতে পারতাম না। ওই ছয় বছরের সকল স্মৃতি মগজের ভেতরে আটকে আছে। হয়তো সেগুলো সেখানেই ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমি সেই ঘরগুলোতে আর ঢুকতে চাই না। এড়িয়ে যাই। কষে তালা দিয়ে আটকে রেখেছি। ওগুলো নিভৃত- অযতনে থাকুক!

আমার কখনো দলের ভেতরে থাকা হলো না। প্রথাগত হওয়া হলো না। আমি কখনো কারো সাথে আত্মীয়-যোগ করতে পারি নি। আমার চারপাশে হয়তো একটা অদৃশ্য দেয়াল ছিলো সবসময়েই। আমি হয়তো সেই দেয়ালের কারণেই সবার সাথে স্বচ্ছন্দ হতাম। "বি ইয়োরসেল্ফ" বলেছিলেন বড়ো বোন, তারপর থেকে আমি কেবল নিজের মতোই হতে চেয়েছি। এই চাওয়া পূরণ হয়েছে নানা পথে, নানা ভাবে, আমি বদলে বদলে গেছি সময়ের সাথে। এবং আমি কখনই কারো মতো হতে পারি নি। একটি দলের সকলের থেকে আলাদা হয়ে গেছি অচিরেই। দেখেছি তাদের সাথে আমার মিলের পরিমাণ কেবল পোশাকে, বা স্থানিকতায়। আমরা এক জায়গায় আছি, থাকছি বা বসবাস করছি বলেই কেবল যোগাযোগ হচ্ছে, যোজন বিয়োজন হচ্ছে, আদান-প্রদান হচ্ছে। কিন্তু সেটা না হলে আমি ক্রমশ আলাদা, বিচ্ছিন্ন হয়ে যাই। তাদের সকলের সাথে আমার যোগাযোগ রক্ষা করা হয় না। তারা বা আমি কেউই কারো অভাব অনুভব করি না।

যদিও মনে হতে পারে এহেন অ-যোগাযোগ আমাকে দুঃখী করে, আসলে তা সত্যি না। আমি দুঃখ পাই না। সম্পর্কের সুতোগুলো ধীরে গুটিয়ে নিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। এই স্বাচ্ছন্দ্যের কোন ভালো বা খারাপ তকমা নেই, নৈর্ব্যক্তিক পুরোটাই। তাই আমি এভাবেই জুড়ে যাই, এবং বিযুক্ত হয়ে যাই। এবং এই প্রক্রিয়া কোনমতেই আরোপিত নয়। খুব প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে। যেমন পৃথিবীর ঘূর্ণন বা পানির চক্রের কোন ব্যত্যয় নেই, ঠিক তেমনি- নিয়মানুগ!


প্রবলভাবে জাগতিক বলেই, আমি চারপাশের ঘটনাবলিতে উদ্দীপ্ত হই অনেকটা নিপীড়নের কাছাকাছি। প্রতিক্রিয়ায় বিচারে তাই আমার মননে সেগুলোর ছাপ পড়ে থাকে অনেক বছর। আমার চারপাশে পিরিচ-ঘূর্ণনের মতো মানুষরা জুড়ে যায় একে অপরের সাথে। আমি দেখে তৃপ্তি পাই- এই তৃপ্তিটুকুও, স্বাচ্ছন্দ্যের মতোই- অনেতিবাচক ও অনস্তিবাচক অনুভব। তা, যা বলছিলাম, পিরিচের ঘূর্ণিতে মানুষ জুড়ে যেতে থাকে। এ বড়ো অদ্ভুত সুন্দর প্রক্রিয়া! কেউ যদি দেখে থাকেন, কেউ যদি সেইসময়ে অনুভব করতে পারেন, কী অবলীলায় দু'জনে জুড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আমি কিসের কথা বলছি। নিজেকে ভাগ্যবান মনে হতে থাকে। আমার দূর্ভাগ্যবানও মনে হয়, যখন দেখি পিরিচের ঘূর্ণিতেই, সেই মানুষরা আলাদা হয়ে যাচ্ছে দেখে। আমি কষ্ট পাই, আর ক্ষুব্ধ হয়ে উঠি।

যখন আমি মানুষদের দু'জনকেই চিনি, তখন এই যোগাযোগ ও অ-যোগাযোগের অশরীরী প্রক্রিয়াটা আরো মোহনীয় হয়ে ওঠে। আমি এর রসায়ন বুঝে যাই অনেকটাই। পুরোপুরি বোঝা অসম্ভব। তাদের দু'জনের জন্যেই নির্মল ভবিষ্যত কামনা করতে থাকি। এই সময়েরই আগে পরে, টের পাই কেউ কেউ নিঃশব্দে আর কারো কাছে বাঁধা পড়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলাম, "কী হয়েছে তোর?" অচিরেই জবাব এলো, "আমি ধরা পড়ে গেছি নিজের কাছেই। গোপনীয়তার সূত্র ভেঙে অকপটেই দেয়ালটাকে ভাঙলাম। এখন আমার আবরণ নেই।"

ছেলেটার চোখে আমি কেবলই অদৃশ্য অশ্রু খুঁজি। নেই। সেখানে কেবল আবেগী-শূন্যতা। আমি সেই শূন্যতাকে অনেক যুক্তিতে হারাতে চাই, কিন্তু পারি না। আমার মনে হয় এখানে যুক্তি চলে না। আমার খুব ইচ্ছা করে এতোদিন ধরে পরিচিত ছেলেটির এই সময়ে পাশে দাঁড়াতে। তাকে এভাবে বদলে যেতে দেখে আমার আর ততোটা ভালো লাগে না। তাকে এভাবে কষ্ট পেতে দেখেও ভালো লাগে না। মেয়েটি হয়তো জানতেও পারছে না ও কীভাবে কষ্ট পাচ্ছে! আমাদের যোগাযোগের এতো এতো মাধ্যম, তারপরেও আমরা একে অপরের সাথে সামান্য এই কথাটুকুও বলতে পারি না যে আমাদের ঠিক কেমন লাগছে। হায়!

আমার মনে হয় পুরনো যুগে মানুষ অনেক আরামে ছিলো। অবশ্যই, তাদের অনেক রকমের অসুবিধা ছিলো। তাদের দৈনন্দিন সুবিধাগুলো ছিলো না, তাদের মোবাইল আর এসএমএস ছিলো না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে প্রচুর শ্রম ও সময় দিতে হতো। কিন্তু কী অদ্ভুতভাবেই না আমরা এই সমস্যাগুলো দূরে করে ফেলেছি! এখন হুট করেই সব করা যায়, চট করেই কাজ সেরে ফেলা যায়, উড়ে চলে যাওয়া যায় দেশ-দেশান্তর। তারপরেও আমরা অনেক বেশি কষ্টে আছি। এখন আমি যখন সেই ছেলেটির চোখের দিকে তাকাই, সেখানের সবগুলো অব্যক্ত কথা পড়তে পারি না। হয়তো সে-ও পারে না। যেমন করে সে মেয়েটিকে বলতে পারছে না অকপটে। মেয়েটিও সেটা বুঝতে পারছে না!

ভাবছিলাম আমরা কী এখনও কৈশোরক? আটকে গেছি বয়ঃসন্ধির দোলাচলে? নাহলে কেন এই বয়সে এসেও এভাবে কারো হৃদয় টুকরো টুকরো হতে দেখবো! সেই অস্থির অন্তর্লীন সময় তো আমরা কবেই পেরিয়ে এসেছি, এখন সময় বুঝে চলার বুঝে নেয়ার। সব কিছু দেখে শুনে সিদ্ধান্ত নেয়ার। ছেলেমানুষীর, খামখেয়ালিপনার দিন ঢলে চলে গেছে কবেই! তারপরেও টের পেলাম যে আমরা সম্পূর্ণ ভ্রান্ত। আমাদের বিচারে ভুল হয়ে গেছে। ছেলেটি যেদিন টের পেলো, সেই ভুলের দিন, সেই খামখেয়ালির দিনে মনে হয় আকাশ গাঢ় কালো হয়ে এসেছিলো। ঝরঝর করে বৃষ্টি ঝরেছিলো মধ্যগ্রীষ্মে। তারপরে সে বুঝে গেছে হৃদয় হারালে কতোটা ক্ষরণ!

ভেবেছিলাম তার জন্যে এলিজি লিখবো। আশাবাদ লিখবো। সাথে তার জন্যে স্মৃতিগুলো লিখবো। কিছুই হলো না। কেবল (অ)যথা-বাক্যক্ষয়! পারা না-পারার দোলাচল।


দেখি ঘরে কে এলো, ওমা! তুমি? যাই এ'বেলা। কথা ফুরোবে না, নটে গাছও মুড়বে না!


******** ********** ***********

বৃহস্পতিবার, ২৭ মে, ২০১০

নতুন যুদ্ধ! স্মৃতিরক্ষার যুদ্ধ!

কাচের বড়ো বড়ো শোকেসগুলোতে থরে থরে সাজানো কতোগুলো কঙ্কাল-- মাথার খুলি, পাঁজরের হাড়, ফিমার, হিউমেরাস, রেডিও-আলনা, টিবিও-ফিবুলাঃ এগুলো সব হাত আর পায়ের হাড়। খুলির কারো কারো দাঁত নেই, কারো কারো দাঁত আছে। কঙ্কালগুলো নতুন না। হাড়ের গায়ে খয়েরি দাগ, বুঝতে অসুবিধা হয় না যে সেটা রক্তের। ফরেনসিক বিশেষজ্ঞেরা এই হাড় ও খুলির পরীক্ষা করেছেন, সংরক্ষণের জন্যে ধুয়ে মুছে এখানে পাঠিয়েছেন আর স্মৃতির জাদুঘরে সেগুলো থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। জাদুঘরটি আমাদের। স্মৃতিগুলো আমাদের। হাড়গুলো আমার পূর্বপুরুষের।
আজকে দৈববলে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে পা পড়লো আমার। মক্কার লোক যেমন হজ্জ পায় না, আমিও তেমনি এতোদিন ঢাকার জল-কাদায় বসবাস করেও এই জাদুঘরে যেতে পারি নি। ব্যর্থতা পুরোপুরি আমার, আর অল্প একটু জাদুঘর বানানো লোকজনের, এমন চিপার মধ্যে, গলির ভেতরে আড়াল করে কেন এটা বানিয়ে রেখেছে আমি তা জানি না। বিস্ময় লাগলো এই অভাবনীয় স্মৃতিগুলোর সংরক্ষণের ব্যবস্থা দেখে! গার্ডগুলো মরা-শুকনো, নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। এই যে মহামূল্যবান সব নিদর্শন, যা দেশের কোনা কোনা থেকে মানুষেরা যুদ্ধের স্মৃতি হিসেবে আগলে রেখেছিলেন, আর এখানে পাঠিয়েছেন, সেগুলোর কিছু হলে কী হবে ভাবতেই খারাপ লাগছিলো।
তবে এই খারাপ লাগাটা শুরু হয়েছে শেষের দিকে। তার আগে মুগ্ধ হয়ে দেখছিলাম জাদুঘরে রাখা প্রাচীন সব রত্নগুলোকে। একটা ব্যাপার খুব চমৎকার লেগেছে, তা হলো দ্রব্যগুলো সাজানোর পন্থা। খুবই যত্ন নিয়ে, সময়কালের বিভেদগুলো পরিষ্কারভাবে ফুটিয়ে সাজানো ছিলো। এক একটা ঘর এক একটা যুগ, এক ঘর থেকে হেঁটে আরেক ঘরে গেলেই প্রজন্ম বদলে যাচ্ছে! অভাবিত রোমাঞ্চ বোধ করছিলাম।
প্রথম ঘরটিতে প্রাগৈতিহাসিক বঙ্গ, বা বাঙ্গালা, বা ভারতবর্ষের কিছু নিদর্শন। গ্রীকরা যখন দাপটে ভূমধ্যসাগরীয় অঞ্চল কাঁপিয়ে বেড়িয়েছে, সেসময়কালীন দক্ষিণ এশীয় এই জনপদেও আর্য-অনার্য-দ্রাবিড় জনগোষ্ঠী দাপটের সাথেই বসবাস করতো। পলল মাটিতে তাদের সেই চিহ্ন খুব বেশি নেই, তবুও অল্প একটু আলো দেখেই সেইসময়ের কিছু কিছু ধারণা পেলাম। এদের পরে এলো মৌর্যের শাসন, বৌদ্ধসম্রাট চন্দ্রগুপ্ত, অতীশ দীপঙ্কর-- অহিংসতা। এই জিনগত বৈশিষ্ট্য এখনো হয়তো কিছুটা বাকি রয়ে গেছে আমাদের মাঝে! তারপরে পালবংশ ও সেনবংশের হাত বদলে মুসলিম রাজ- সেখান থেকে ব্রিটিশরাজ। এই সময়কালগুলো ঘর থেকে ঘরে যেতে যেতে পেরিয়ে যাচ্ছিলাম। থমকে গেলাম একটা বদ্ধকুঠুরির সামনে এসে।
একটা কালো দেয়ালের ঘরের মেঝেটা লাল রঙ করা। ভেতরে দুটা ইট, মোমবাতিতে আগুন জ্বলছে। দরজার জায়গায় কাচ দেয়া, সেই কাচের ফাঁক দিয়ে দেখলাম কালো দেয়ালে একটা স্বর্ণতালিকা!
ব্রিটিশ-বিরোধী আন্দোলনের বিপ্লবীদের নাম, ক্ষুদিরাম, সূর্যসেনসহ সকলের নাম মোমবাতির মৃদু আলোতেও জ্বলজ্বল করছে।
মনে হলো আস্তে আস্তে এই পলল মাটির জনপদ উত্তপ্ত হয়ে উঠছে। টের পাচ্ছিলাম আশেপাশে সাপের মতো হিসহিসে কণ্ঠস্বর। সামনেই পড়লো দ্বিজাতিতত্ত্বের পুরোধাদের ছবিঃ এ কে ফজলুল হক, মোঃ আলী জিন্নাহ সহ একটা বড়ো গ্রুপ ফটো। দেখে কিছুটা শরীর রি রি করে উঠলো। এই জনপদের মাঝে সাম্প্রদায়িকতার সবচেয়ে গভীর বিষ খুঁড়ে বের করে আনার রূপকারদের দিকে তাকিয়ে থাকলাম। ধর্ম দিয়েও বিভাজন করা যায়, সেটা এনারাই শিখিয়ে দিয়েছিলেন। সেইসময়ের পর থেকে কোন হিন্দু আর মুসলমান একে অপরকে নির্মল মনে বিশ্বাস করে নাই!
পরের ঘরটিতে পাকিস্তান শাসনকালের সব (কু)কীর্তি। বামে প্রথম দেয়ালে একটা সাদাকালো ছবি দেখতে পেলামঃ একটা মানুষের মৃতদেহ- তাঁর মাথার খুলি ফেটে ঘিলু ছিটকে পড়েছে রাস্তায়। মৃতদেহটি শহীদ রফিকের। এই ছবিটি লুকিয়ে তুলেছিলেন ফটোগ্রাফার (মার্জনাঃ আমি নাম ভুলে গেছি দেখার পরেও)। মগজের মাঝে বিস্ফোরণ ঘটলো একটা। শুয়ো*!!
তারপরেও আমরা তো ঘুরে দাঁড়িয়েছি। চুয়ান্নের পরিষদের ছবি দেখলাম। পাশেই দৈনিক পাকিস্তানের কিছু পেপার কাটিং। আরেকটু এগিয়েই সেই কুলাঙ্গার আইয়ুব খান! সামরিক শাসনের মতো অভিশাপ যিনি আমাদের প্রথম চাখিয়েছিলেন।
তার পাশের ফ্রেমে একটা পেপার কাটিংয়ে লেখা পাকিস্তান বেতারে রবীন্দ্র সঙ্গীত ব্যান হবার খবরটা। বাংলার প্রতি এমন বিদ্বেষ কেন ছিলো পাকিদের মনে? আমি তখন হুট করেই এই প্রশ্নটা নিয়ে ভাবতে বসলামঃ আসলেই তো, আমরা নিরীহ লুঙ্গি পরা চাষা ভুষা লোকজন। দুইবেলা খাইতে পারলেই খুশি থাকতাম। পুরা পাক-আমলের শুরু থেকে এই জনপদের মানুষদের সাথে এরকম নিষ্ঠুর আচরণ কেন করেছিলো তারা? আমি বুঝে পাই না। সব শাসকই শোষক- এটা ধরে নিলেও, "কেন বাপু, খাও যতো হাউশ ততো, তয় আমাগো চাইরডা ভাত দিয়া খাইলে কি অয়?" কী হতো যদি সামরিক শাসন করতে করতে ছড়িয়ে ছিটিয়ে একটা দুটা উপকার করতো। আমরা তো প্রদেশ ছিলাম, আমাদের সেটুকু অধিকার দিলে কার কী এসে যেতো? কেন্দ্র তো সব লাভের গুড় এমনিতেই পাচ্ছিলো! তবে কি ভবিতব্য?
এর পরে ভাবনার জাল ছিঁড়ে দিলো আসাদ আর কিশোর মতিউরের লাশের ছবি দুইটা। উনসত্তরের শহীদ। পাকিস্তান আমলে ঠিক কতো জন বাঙালিকে বিনা কারণে মৃত্যুবরণ করতে হয়েছিলো? একটা "শান্তিপূর্ণ" দেশে হুটহাট এরকম মানুষ মারা পড়লে সেটা দেশের কর্তাব্যক্তিদের সম্বন্ধে কোন ধরনের ধারণা দেয়? পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র সম্ভবত এখন এটা কেয়ারও করে না। "চল্লিশ বছর ধরে মারছি, মাথা ঠাণ্ডা রেখে আজও মেরে চলছি!"
এর পরের ঘরটি প্রতারণা-হত্যা-রক্তপাত-জল্লাদের ছবিতে ভরপুর। চার দেয়ালে সাজিয়ে রাখা ছবিগুলো দেখে মাথা ঘুরাবে, আপনি একসাথে দেখার চেষ্টা করেই দেখুন! প্রায় গোলাকার গণ্ডি দিয়ে ঘিরে রাখা হয়েছে, এই ছবিগুলোর কাছাকাছি গিয়ে দেখার শক্তি অনেকেরই নেই। ঢাকা শহরে পঁচিশে মার্চের রাতে যে নারকীয় হত্যাযজ্ঞ, সেটার বর্ণনা কোন মানুষের পক্ষেই সম্ভব না। এই হত্যাকাণ্ডের খবর যারা জানতো, যারা এই হত্যাকাণ্ডের কিছু কিছু নিজেরাই দেখেছে চোখের সামনেই, তাদের মধ্যে থেকেই কোন কোন বেজন্মা রাজাকার দলে নাম লিখিয়েছিলো! হায়রে! এতোকিছুর পরেও এদেরকে এখন কেউ কেউ 'বেনিফিট অফ ডাউট' দিতে চায়, 'অতীত ভুলে' মিলেমিশে চলতে চায়! ধিক্‌
ঘরটার এক কোণে একটা ছোট ফ্রেমে ভারতে চলে যাওয়া মোট শরনার্থীর সংখ্যা লেখা। শেষের তিনটা ডিজিট ভুলে গেছি। তবে তা ছিলো ৯৮,৯৯,০০০ এর বেশি। শূন্যগুলো ভুলে গেছি। সেখানে যে কোন সংখ্যা বসিয়ে নেয়া যায়। আটানব্বই লাখের কাছে কয়েকশত আর এমন কী! তাজ্জব! আমি এইটা কী বলছি? আমার কাছেই এগুলো কেবল সংখ্যা, আমি জানিও না ৯৯৯ আর ১০০০ এর পার্থক্য ১ আর সেই ১-টা মানুষ আমি নিজেও হতে পারতাম! একটা মানুষের দাম ইতিহাসের পাতায় কিছুই না, কিন্তু একাত্তরের যুদ্ধের সময়ে নির্বিশেষে মেরে ফেলাদের আর্তনাদ বলছে, সেগুলো ভুলে যাবার মতো নয়!
এর পরের ঘরগুলো আমি কেবল ছুঁয়ে গেছি। কোন ঘরেই বেশিক্ষণ দাঁড়ানোর মতো মানসিক জোর ছিলো না। একটা ঘরে একটু বেশি সময় ছিলাম। সেখানে থরে থরে স্টেন গান, এল এমজি, গ্রেনেড, মর্টারশেলগুলো সাজানো। মেশিনগানের খালি খোসা দিয়ে লিখে রাখা হয়েছে বাংলা। দেখলাম ইপিআরের হাতে বানানো বর্শা, এইগুলা দিয়ে যে নরপশুদের মারা হয়েছে, তাদের চেহারাটা দেখতে ইচ্ছা হচ্ছিলো। আর কুর্ণিশ করতে ইচ্ছা করছিলো বন্দুক আর বর্শা আর গ্রেনেড হাতে সেই সাধারণ মানুষগুলোকে! অসামান্য ঋণ শোধের চিন্তা করাও পাপ!
শেষের ঘরগুলোর মাঝে দুটো ঘরে দমবন্ধ অনুভূতি হলো। একটা হলো শহীদ বুদ্ধিজীবীদের ঘর। সারি সারি খুলিগুলো সেখানেই দেখেছি। ঢাকার বধ্যভূমিগুলো থেকে তুলে আনা হীরকখণ্ডসম মানুষগুলোর দেহাবশেষ। তাঁরা চলে গেছেন এবং আমাদের নিঃস্ব করে গেছেন- মননে, চিন্তায়, আবেগ-অনুভূতিতে আমরা একটা নিঃস্ব জাতি হয়ে গেছি। আলো হাতে যাঁরা ছিলেন, তাদেরকে ঐ আল-বদর, আল-শামসের রাজাকারগুলো মেরে ফেলেছে। এই দলগুলোর পুরোভাগে ছিলো গোআ-মইত্যা-মুজাহিদের মতো পাপিষ্ঠ। (গালিও কম হয় এদের জন্যে)!!
আরেকটা ঘর আমার মায়ের, আমার বোনের। সেই ঘরটা আমি দ্রুত হেঁটে বের হয়ে গেছি, আশেপাশের ছবিগুলো বা নিদর্শনগুলো আমি দেখতে চাই না।
****
ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে আসলাম জাদুঘর থেকে। একটা মৃদু নিঃশ্বাস ফেললাম। সামনে একটা উঠান, চারপাশে সবুজ গাছপালার মাঝে একটা শান্ত সমাধিস্থ প্রকৃতি। যেন আমাকে আশ্বাস দিচ্ছে,


কোন ভয় নেই, তুমি স্বাধীন। এতোক্ষণ যাঁদের দেখলে, তাদের ধমনীতেও তোমার মতো জীবন দৌড়ে বেড়াচ্ছিলোঃ ঐ রুমী, ঐ বাদল, ঐ আসাদ, ঐ মতিউর, ঐ নামহীন খুলির মানুষটাও এই পলিমাটির জমিনে একদা হাঁটতো। তাঁরা আজ নেই, কারণ তাঁরা কেউ কেউ তোমার কথা ভেবেছিলো- আর সবকিছু ছেড়ে মরে গিয়েছিলো। অখ্যাত এক গ্রামের একটা দা জাদুঘরে দেখেছো না? সেটা দিয়ে কুপিয়ে একজন মহিলা পাঁচটা রাজাকারকে মেরেছিলেন। কুপিয়ে একটা ডাব কাটতে যাও, তাহলে বুঝতে পারবে ঐ মহিলাটি কতো অপূর্ব যোদ্ধা ছিলেন!! তাঁর জন্যে শ্রদ্ধা, সম্মান এগুলো ফাঁপা শব্দের কোন দরকার নেই। খালি ঐ ঘৃণ্য রাজাকারগুলাকে ছেড়ো না। ঐ মহিলাটির শতাংশেরও শতাংশ পরিমাণ জোর যদি তোমার মনে আর হাতে থাকে, তাহলে এই স্বাধীন দেশে বসে ঐ রাজাকার আর অপরাধীগুলোকে সাজা দাও!



***
মুক্তিযুদ্ধ জাদুঘরের অনেক অনেক প্রচার ও উন্নয়ন দরকার। জাদুঘরের ঢোকার পর থেকেই এইটা মাথায় ঘুরছিলো যে কেন এর ব্যবস্থা নেয়া হয় নি এখনও?? বের হওয়ার আগেই মন ভালো হলো এটা দেখে যে আসলে ব্যবস্থা নেয়া হচ্ছে। একটা মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি গঠন করা হয়েছে। নতুন ভবন নির্মাণ করা হবে আগারগাঁওয়ে। ভবনের নকশা দেখে গর্বে বুক ফুলে উঠলো! একেবারে স্থাপত্য সৌন্দর্য্য! ঠিক ওভাবে বানানো হলে আমি প্রতি সপ্তাহে বিকালবেলা হাঁটতে যাবো ওখানে। শপিংমলের চাইতে ঢের ভালো!
তবে কাজ শেষ হয়ে যায় নি। নতুন জাদুঘরের নির্মাণব্যয় ৬০ কোটি টাকা। নেট ঘেঁটে ইত্তেফাকের খবর পেলাম যে গতমাসেই সম্মেলনে জানানো হয়েছে যে অতিসত্ত্বর এই ভবনের নির্মাণকাজ শুরু হবে! 
আমি যুদ্ধে যেতে পারি নাই। তবে যুদ্ধের স্মৃতি টিকিয়ে রাখার যুদ্ধতে শামিল হতে চাই!


সোমবার, ২৪ মে, ২০১০

ভোকাবুলারিহীন দিনপঞ্জি

যেসব দিনে আমি হারানো বিজ্ঞপ্তির ভেতর থেকে খুঁজে খুঁজে দেখি কোন পুরনো বিলুপ্তিকে পাওয়া গেলো নাকি, সেসব দিনে আমার বুক ভেঙে যায়। সেরকম দিন মাদকতাময় এবং প্রান্তিক, আমি সেইসব দিনে ভারসাম্য হারাই
দেখি মহেঞ্জোদারোর মতো বিক্ষিপ্ত পোড়ামাটির হৃৎপেশী। কোন কোন দিনে ভুলে যাই যেসব ঐতিহাসিক পরাজয়, সেগুলো দিনক্লান্তির খোপে লুকানো শ্বাস। তারপরে শীতল একটা ঘরে ঢুকে পড়ি, সেখানে নির্বোধ মুখেরা আমাকে চেনে না। দেয়ালে ইলেক্ট্রন ঘুরে বেড়ায়, আমি দেখতে পাই
বৈজ্ঞানিক কতো অসামান্য শিহরণে মাতাল হয়েছিলেন, শিভাস রিগাল তরঙ্গের চূড়ায় নাচছে একটা ফোটন- পাশে তুমি। তিনি দেখছেন ধীরে খুলছে পোশাক, পোশাকের নিচে খরা ও জরা। তুমি কোথাও নাই
দিনগ্রস্ত বৃষ্টি ও অন্যান্য উপষঙ্গ ঘুরে ফিরে আসে আমাদের ক্যালেন্ডারে। আমরা জানি এই খরাতে এয়ার কন্ডিশনিংয়ের ওপরে দাওয়াই নেই, নেই চূড়ান্ত কোন সত্য, সকলই পরিবর্তনোন্মুখ অশ্লীলতা- অযথাই
এই বর্ষণে ভেজামাটি ডাকে, পাশে সেই পুরনো বিজ্ঞপ্তি ভিজতে থাকে, ঝর্ণাকলমে গোটা গোটা হরফে লেখা কতোকিছু, হারিয়ে গিয়েছে যা, যারা, যেসব, যেগুলো। ধুয়ে যাচ্ছে সওব... নিরন্তর হারানোর খাতাটাও হারাই
তারপর রোদ উঠছে স্লো-মোশনে... ‍ঃ এগুলো সবই নির্জলা কন্ডিশনিং, আমার ও তোমার প্রাথমিক নিয়ম-মাফিক রাশান রুলেৎ। আমি সেই মুহূর্তে জেনে যাই

রবিবার, ৯ মে, ২০১০

আমরা যেভাবে যতিচিহ্ন টানি


("অনায়াস সন্তর্পণে, নীরব পারদের উত্থানের মতো বেড়ে যাবে মৃত্যুহার")
নগরীর প্রান্তে দেখা দেবে উজ্জ্বল চাঁদযান যে'রাতে, সেই ক্ষণে উড়ে যাবে গোটাকয় মরাটে দুঃখ, আদিনিবাস- তোমার বুকের গহীন পাঁজর চিরে, তুমি আমার আত্মপ্রজ খুব প্রকাশ্য রোদ, আমার জনাকীর্ণ ঘর, বিকেল-পোড়া আকাশের মেঘ ও মৃদুসমীর, তুমি এই ফাঁপা চোখের ভেতরে ঘুমানো তীর, তোমার ভেতরে সকল ক্রোধ ও শূন্যতার রঙ আমার শাদা নখে লেগে আছে, তুমি যেদিন দড়িপ্রেমী, তুমি যেদিন সিলিংস্পর্শী, আকাশভেদী সুতীব্র চিৎকার, আমি সেদিন বিলীন- লীন- নীল নীল ডুমো মাছির চোখ হয়ে গেছি
যা অনুভব করছি তা মিথ্যা, অহেতুক বানানো শোক, বানোয়াট, জরুরি নয়, ভাবনাকে সত্যি হতেই হবে, এমনকি নিখাঁদ মিথ্যের মাঝেও আমি অজস্র সরলশুভ্র স্বপ্নের প্রশ্বাস শুনেছি, যেমন এই শোকের দেহ-সৌষ্ঠবে তোমাকে না জানার আক্ষেপ মিশে আছে প্রসাধনের মতো, আমাদের দূরত্ব এই গলিত শহরের মতো নিরাকার, উলম্বতলে যা মাপা হবে, কেননা তুমি বুদবুদ হয়ে গেছো অনায়াসে, সিলিং থেকে কয়েক থোকা ঝুলে থাকা ফুল হয়ে গেছো


নিঃসীম বাতাসে ফুলগুলো অল্প অল্প দুলছে

বৃহস্পতিবার, ৬ মে, ২০১০

রবীন্দ্রনাথ!


মাঝে মাঝে তুমি খুব নিবিড়ে ছুরি গাঁথো
মাঝে মাঝে আমি চোখ দিয়ে তোমাকে চিরে ফেলতে পারি
মাঝে মাঝে আমাদের দিনগুলো ঘোলাটে কাচ হয়ে ওঠে

কোন কোন মানুষকে 'কোয়ান্টিফাই' করা যায় না (কোয়ান্টিফাইয়ের ভালো বাংলা পাচ্ছি না, তুল্যমূল্য ধরনের কিছু নাকি?)। আর কাউকে বুঝে ওঠার জন্যে অনেকরকমের বিষয়-আশয় মাথায় রাখা লাগে। এটাও ঝঞ্ঝাটের ব্যাপার। যেমন ধরুন, ছোটবেলায় কোন একটা গান শুনেছিলেন। ছোট মানে ততোটা ছোট, যখন গান শুনে কথাগুলো বুঝতে বা মনে রাখতে পারবেন। তারপরে মাঝের বিশ বছরে সেটা শোনাই হয় নি। এরপর হুট করে একদিন কোন এক কুঠুরি থেকে ক্যাসেট বের হলো, ধুলো ঝেড়ে চালানোর পরে ঘাই মেরে সব স্মৃতি জেগে উঠবেই। গানের সুর, কথা মাতাল করে দিবেই। গানটার কারিগরি উপাদানের ভালো লাগার চেয়ে আপনার ব্যক্তিগত স্মৃতি বেশি জরুরি হয়ে যাবে। তখন কেউ আগ বাড়িয়ে চশমা নাড়িয়ে সুরজ্ঞান দিতে আসলে আপনার রাগ হওয়া বিচিত্র নয়।
ভাবতে বসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। চতুর্মাত্রিকে ঢুকেই লালচে-আগুন আর শ্যামল-সবুজ দু'টো ব্যানার পেলাম। আমাদের যাপিত জীবনে রবীন্দ্রনাথ মোটেই জয়ন্তীতে পালন করার মতো বিষয় নন। আমি নিজে অনেক বেশিই নির্ভর করি তাঁর উপরে। তবুও উদ্দেশ্য পেলে বিধেয় খুশি হয়, তাই রবীন্দ্রনাথের জন্মদিনে তাঁকে একটু বিশেষভাবে মনে করতে চাইলাম। আমি তেমন হোমরাচোমরা কেউ নই, রবীন্দ্রনাথের ওপরে অভিসন্দর্ভও লিখি নাই, সেমিনার-আলোচনা অনুষ্ঠানে বক্তৃতাও দেই নাই। তাঁর উপস্থিতি বা গুরুত্ব আমার কাছে একান্তই আমার বিচারে, আমার চিন্তনে। তাই এই বেলা অন্যসব গুরুবিদ্যা দূরে থাক!
বাংলা পাঠ্যবইয়ের একটা ভালো দিক হলো রবীন্দ্রনাথের সাথে আমাদেরকে ছোটবেলা থেকে পরিচয় করিয়ে দেয়া, খারাপ দিক হলো সেই পরিচয়টা বেশিরভাগ সময়েই অনেকটাই ভ্রান্ত হওয়া। পাঠ্যবইয়ে কবিতা, ছড়া আর ছোটগল্পগুলোকে কেটে ছিঁড়ে মোটামুটি ফালি ফালি করা হয়। শব্দার্থ, সারমর্ম, ব্যাখ্যা-বিশ্লেষণ, শব্দ আর বাক্য ধরে আলোচনা করে করে রবীন্দ্রনাথের পিণ্ডিও চটকে দেয়া হয় ভালোমতোন। রবীন্দ্রনাথ হয়ে পড়ে ফররুখ আহমদের সমমানের রচয়িতা, দু'জনের প্রশ্নের উত্তরেই নম্বর সমান। সবার ক্ষেত্রেই প্রথাগত শিক্ষার গণ্ডির বাইরে গিয়ে রবীন্দ্রনাথের সাথে আসল পরিচয় ঘটে! সেই পরিচয় বড়ো রহস্যময়, প্রেম-ভক্তি-জাদু মিশ্রিত রঁদেভু'র মতোন।
প্রতি শুক্রবারের ছুটির দিন সকালে দেবব্রত আর কণিকা গান গাইতেন আমার বাসায়। ঘুম ঘুম চোখ মেলতেই 'শীতের হাওয়ায় লাগতো নাচন', হোক না তখন প্রখর গ্রীষ্ম। মাঝে মাঝে সকালের খাবারের টেবিলে 'বরিষ ধরা মাঝে শান্তির বাণী' হয়ে আসতো গরম খিচুড়ির ঘ্রাণ, এই সবেই মিশে থাকতো তাঁর উপস্থিতি। যদিও তাঁকে ঠিকমতো চিনি নি তখনও, তাই মনে হতো 'আমার বেলা যে যায়' গানটা কেউ একজন সারাদিন নিরুপায় বসে থেকে লিখেছেন। এই শিশুতোষ কল্পনা লাগাম ছাড়া হলো যখন 'বীরপুরুষ' আর অন্যান্য কিশোর লেখার সংকলন পেলাম উপহারে। বইটার নাম ছিলো "কৈশোরক"। রবীন্দ্র-রচনাবলির কিশোর উপযোগি লেখাগুলো নিয়ে সংকলন এটা। ছড়া, কবিতা, ছোটগল্প, নাটক, কী নাই? সেইখানেই আমার প্রথম কল্পনার জাল ছড়ানো চিন্তার শুরু। ছোটবেলাতেই মুগ্ধ হলাম, বিস্মিতও কিছুটা।
ফটিক বলাইদের সাথে পরিচয় ঘটলো, দেখা হলো অমলের সাথে, কাবুলিওয়ালার মিনি'কেও পছন্দ হলো খুব!
সেখানে আরো পেলাম কেষ্টা বেটাকে, তাকে কেন সবাই চোর ঠাউরাচ্ছে, ভাবতেই খারাপ লাগলো। মন খারাপ হলো উপেনের জন্যেও, বাবু তার দুইবিঘা নিবেই নিবে যে!
কালো কৃষ্ণকলির প্রেমে পড়লাম আরো একটু বড়ো হয়ে, লোকে কি বলে সেটার কেয়ার তো আমি নিজেও করি না!
এইট পাশের পরে কে যেন খোঁজ দিলো গল্পগুচ্ছের। আমাকে বললো, এই ছোটখাটো লেখা পড়ে কী করবি? রবীন্দ্রনাথের আসল ঐশ্বর্য গল্পে, সেগুলো পড়। আমি ঝাঁপ দিলাম, অতলে। ভেসে উঠলাম কয়েকদিন পরে, যখন গোগ্রাসে পড়ে ফেলেছি 'ইচ্ছাপূরণ', পেটের ব্যথার ভান করে আমিও তো অনেকসময় ইশকুলে যেতে চাইতাম না। সেটা মনে হয় রবীন্দ্রনাথ টের পেয়ে গিয়েছিলেন। 'খোকাবাবুর প্রত্যাবর্তন' পড়ে মনে হলো রাইচরণের মতো আমারও যদি কেউ থাকতো! 'গুপ্তধন' গল্পে পেলাম ধাঁধা:
রা নাহি দেয় রাধা
পায়ে ধরে সাধা
শেষে দিলো রা
পাগোল ছাড়ো পা
হৈমন্তী, অতিথি আর সমাপ্তি গল্প তিনটির ব্যাপারে কিছু বলাটাই বলে হয় বাতুলতা হবে।

রবীন্দ্রনাথের ব্যাপারে অনুভূতিগুলো ছাড়াছাড়া হয়ে যায়, তাঁর রচনার মতোই ব্যাপ্ত হয়ে পড়ি। বাংলা কবিতায় রোমান্টিসিজমের পুরোধা তিনিই। সাধারণত রচনার ক্ষেত্রে দেখা যায়, অনেক লেখকই কোন নতুন ধারার সূচনা করলে সেটাতে দক্ষতা দেখাতে পারেন না, পরের কেউ এসে সেখানে অসম্ভব সব কাজ করেন। রবীন্দ্রনাথের বেলায় সেই সূত্র খাটে না। তিনি একাই যে রোমান্টিসিজমের চর্চা শুরু করেছিলেন, বাঙালির অন্তরের 'আমিত্ব'কে যেভাবে প্রকাশ করেছিলেন তেমন সৌরভ আর কারো পক্ষেই ছড়ানো সম্ভব হয় নি। মনের রুক্ষতম রাগ, হিংসা থেকে শুরু করে গাঢ়তম আবেগ পর্যন্ত, কোমলশ্যামল রূপ থেকে রুদ্রতার বয়ান সবখানেই রবীন্দ্রনাথের ছোঁয়া। এবং বহুমুখিতার রূপায়ন এতোটাই বৈচিত্রময় যে, সবার মনেই লেখাগুলো নিয়ে অনুভবের একটা সাধারণ মন্তব্য হলো, "আরে! আমি নিজেই তো এভাবে চিন্তা করি। আমার মনের এই কথাটা রবিবাবু জানলেন কেমন করে?!"
সম্ভবত এখানেই রবীন্দ্রনাথের মুন্সিয়ানা। দেড়শ' বছর আগে জন্মেও যে কোন যুগে, যে কোন মানুষের মনের গহীনে যোগাযোগ স্থাপন করতে পারেন তিনি। তাঁর এই ঈর্ষণীয় ব্যাপনক্ষমতার প্রতি শ্রদ্ধা জানাই, তার দেড়শতম জন্মদিনে!
শুভ জন্মদিন রবিবাবু, শুভ জন্মদিন বুড়োবাবু!!
***

সোমবার, ৩ মে, ২০১০

ঠিকানা

তোমাদের শহর ছেড়ে প্রতিদিন যারা উড়াল পথে চলে যায়, তাদের জামায় অনেক শোক ও অশ্রুর পরতে এই শহরের অনেক ধুলা ও রাস্তার ম্যাপ লেগে আছে। তোমরা সেগুলো চিনতে পারছো বলে তাদেরকে ভুলে থাকো। এ কারণে এই শহরে বৃষ্টি হয় না, কেবল বিদ্যুতের খামে করে শোক ও অশ্রুর খবর পাওয়া যায়। নাগরিকের জন্যে সেটুকু অপরিমেয়...

নিউজ অ্যাট সিক্স


এরপর শহর কালো হয়ে ওঠে
চুলের চেয়েও
কয়লার চেয়েও
মন্ত্রণা এবং মন্ত্রীদের চেয়েও
গাঢ় হয়ে ওঠে তোমার ঘর
আসবাব যাবতীয়।
আমরা জানতে পেরেছি
এগুলো বিভ্রম
কল্পিত সত্য,
এগুলো জাতিগত ক্ষোভ
এবং একাত্মবোধ
নগরে ছিনতাই ও জবাই
দ্রব্যমূল্যের মতো বেড়েছে রোজ
এরকম রোজ সন্ধ্যার খবরে
পাঠ করেন স্তনগর্বী মেয়েটি; মুখে হাসি